দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের বর্ধমান বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন জঙ্গী শাহনূরকে সেদেশের পুলিশ গ্রেফতার করেছে। ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি হতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এই অর্থপ্রধানকে গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক ঘটে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে গতকাল শুক্রবার রাতে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরের উদ্বৃত করে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি হতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সন্দেহভাজন এই অর্থপ্রধানকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যম বলেছে, ধৃত শাহনূর ডক্টর নামেও পরিচিত। তিনি আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বসবাস করছিলেন। তাকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর হতেই শাহনূরের খোঁজ করছিল ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গত মাসে শাহনূরের স্ত্রীকে গ্রেফতার করে এনআইএ। শাহনুরকে ধরিয়ে দিতে ৫ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করেছিল দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা।