দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই আছেন যাদের অন্যতম প্রিয় ফল হল আনারস, আবার অনেকে খুব বেশি পছন্দ করেন না ফলটিকে। তবে এর পুষ্টিগুণের কথা জানলে আপনি এর উপকারিতার কথা অস্বীকার করতে পারবেন না।

আনারসের দাম খুব বেশি না হওয়ায় এটি সবারই ক্রয় ক্ষমতার মধ্যে। খুব বেশি খরচ না করে শরীরের পুষ্টির চাহিদা পূরণের জন্য আনারস হতে পারে একটি আদর্শ ফল। তবে জেনে নেওয়া যাক এর পুষ্টিগুণ সম্পর্কে।
শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একজন মানুষের শরীরে যতোটা ভিটামিন সি দরকার হয় তার অর্ধেক আনারস থেকে পাওয়া সম্ভব। হার্টের রোগ ও অস্থিসন্ধির ব্যথাসহ নানা ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখে ভিটামিন সি।
হাড় মজবুত করে
আনারস ম্যাঙ্গানিজে পরিপূর্ণ। আমাদের শরীরের ম্যাঙ্গানিজের চাহিদার ৭৫% আনারস গ্রহণের মাধ্যমে পূরণ করা সম্ভব। ম্যাঙ্গানিজ হাড় মজবুত করতে সাহায্য করে।
চোখের জন্য উপকারী
আনারস খেলে ম্যাকুলার ডিজেনারেশন নামক এক ধরনের চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। মূলত আনারসে বিদ্যমান ভিটামিস সি-এর কারণে এই রোগের ঝুঁকি কমে থাকে।
হজমে সাহায্য করে
আনারসে বেশি পরিমাণে আঁশ জাতীয় উপাদান রয়েছে। এই কারণে এটি আমাদের হজমে সাহায্য করে থাকে। এছাড়া আনারসের বিদ্যমান ব্রোমেলিনও হজম করার ক্ষেত্রে ভূমিকা রাখে।
রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করে
উচ্চ মাত্রায় ব্রোমেলিন থাকার কারণে আনারস রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করতে সক্ষম।