দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার আবারও সমালোচনা করেছেন।

তিনি অভিযোগ করে বলেছেন, নিজামীর ফাঁসির বিষয়ে নিশ্চুপ থেকে ইউরোপ দ্বিমুখী আচরণ করছে।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে ১০ মে নিজামীর ফাঁসি কার্যকর করে বাংলাদেশ। দীর্ঘ কয়েক বছর ধরে চলা বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপিল বিভাগে তার এসব অপরাধ প্রমাণিত হয়েছে।
গত রবিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইউরোপের উদ্দেশে বলেন যে, ‘আপনারা যদি রাজনৈতিক হত্যার বিপক্ষে অবস্থান নেন, তাহলে নিজামীর ফাঁসির বিষয়ে আপনারা চুপ থাকলেন কেনো?’
এরদোয়ান আরও বলেন, ‘আপনারা ইউরোপ হতে কিছু শুনেছেন? না, এটাকেই বলা হয় দ্বিমুখী আচরণ।’
নিজামীর ফাঁসির প্রতিবাদে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় তুরস্ক। যদিও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রত্যাহারের ব্যাপারে তাঁর সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান।
উল্লেখ্য, ২০০২ সালে ক্ষমতায় আসার পর হতে তুরস্কের ইসলাম ধর্মভিত্তিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে।