The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইউটিউব কনটেন্টে বেশি ভিউ পেতে কী ধরনের ট্যাগ ব্যবহার করা উচিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউটিউব বর্তমানে শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী তথ্য ও আয়ের প্ল্যাটফর্ম। তবে ভালো ভিডিও বানালেই বেশি ভিউ আসবে- এমনটা সব সময় হয় না।

ইউটিউব কনটেন্টে বেশি ভিউ পেতে কী ধরনের ট্যাগ ব্যবহার করা উচিত 1

ভিডিও যেনো সহজে দর্শকের কাছে পৌঁছায়, সে জন্য সার্চ অপটিমাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব এসইওর একটি কার্যকর উপাদান হলো সঠিক ট্যাগ ব্যবহার। সঠিক ধরনের ট্যাগ ভিডিওর ভিউ বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।

কনটেন্ট–সম্পর্কিত মূল কিওয়ার্ড ট্যাগ ব্যবহার করা জরুরি। ভিডিও যে বিষয়ের ওপর তৈরি, সেই বিষয়কে কেন্দ্র করে যে শব্দগুলো মানুষ সাধারণত সার্চ করে—সেগুলোই হওয়া উচিত প্রধান ট্যাগ। যেমন, ভ্রমণবিষয়ক ভিডিও হলে “ভ্রমণ”, “ট্রাভেল ভ্লগ”, “বাংলাদেশ ভ্রমণ” ইত্যাদি ট্যাগ কার্যকর।

লং-টেইল কিওয়ার্ড ট্যাগ ব্যবহার করা উচিত। লং-টেইল মানে তুলনামূলকভাবে বড় ও নির্দিষ্ট বাক্যাংশ। এগুলোতে প্রতিযোগিতা কম থাকে, যে কারণে নতুন চ্যানেলের জন্য ভিউ পাওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, শুধু “রান্না” না লিখে “৫ মিনিটে সহজ রান্না রেসিপি” ধরনের ট্যাগ ব্যবহার করা যেতে পারে।

বাংলা ও ইংরেজি- দুই ভাষার ট্যাগ ব্যবহার করলে দর্শকসংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে। অনেক দর্শক বাংলা লিখে সার্চ করেন, আবার অনেকে ইংরেজিতে। তাই উভয় ভাষার ট্যাগ রাখা বুদ্ধিমানের কাজ।

উদাহরণ হিসেবে কিছু বাংলা ও ইংরেজি ট্যাগ দেওয়া হলো:

বাংলা ট্যাগ:

বাংলা ইউটিউব ভিডিও, ইউটিউব ভিউ বাড়ানোর উপায়, নতুন ইউটিউব চ্যানেল, বাংলাদেশ ইউটিউবার, প্রযুক্তি টিপস বাংলা, ভ্লগ বাংলা, অনলাইন আয়

English Tags:

YouTube SEO tips, how to get more views on YouTube, Bangla YouTube channel, Bangladeshi YouTuber, tech tips Bangla, vlog Bangladesh, online earning tips

ট্রেন্ডিং ও সময়োপযোগী ট্যাগ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কোনো সাম্প্রতিক ঘটনা, জনপ্রিয় বিষয় বা ভাইরাল ট্রেন্ড নিয়ে ভিডিও হলে সেই ট্রেন্ড–সংক্রান্ত ট্যাগ যুক্ত করলে ভিডিও দ্রুত দর্শকের কাছে পৌঁছাতে পারে। তবে ট্রেন্ডিং হলেও অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা উচিত নয়।

অতিরিক্ত ট্যাগ ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। অনেকেই মনে করেন যত বেশি ট্যাগ, তত বেশি ভিউ—কিন্তু বাস্তবে তা নয়। সাধারণত ১০ থেকে ১৫টি প্রাসঙ্গিক ট্যাগ যথেষ্ট। অযথা বা বিভ্রান্তিকর ট্যাগ দিলে ইউটিউব অ্যালগরিদম নেতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

ইউটিউবে বেশি ভিউ পেতে ট্যাগ গুরুত্বপূর্ণ হলেও একমাত্র উপাদান নয়। আকর্ষণীয় কনটেন্ট, ভালো থাম্বনেইল, স্পষ্ট শিরোনাম ও নিয়মিত আপলোডের সঙ্গে সঠিক ও প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার- এই সমন্বয়ই একটি ভিডিওকে সফল করতে পারে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali