The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে পাকিস্তান!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় কৃতকর্মের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান। পাকিস্তানের প্রভাবশালী সাংবাদিক হামিদ মীর এই দাবি করেছেন।

Pakistan apologize

পাকিস্তানের প্রভাবশালী সাংবাদিক হামিদ মীর এ দাবি করেছেন যে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কৃতকর্মের কারণে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান। হামিদ মীরের ভাষ্য মতে, আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের পার্লামেন্টে এই বিষয়ে এ্কটি বিল তোলা হবে। সরকারের একাধিক মন্ত্রী নাকি তাকে এমন কথা জানিয়েছেন। গত সোমবার একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হামিদ মীর এ তথ্য তুলে ধরেন।

সাক্ষাৎকারে হামিদ মীর আরও বলেছেন, ‘একাত্তরের কৃতকর্মের জন্য বাংলাদেশের নিকট ক্ষমা চাইবে পাকিস্তান। এই বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষেই বিল তোলা হবে।’ পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতৃত্বাধীন সরকারের একাধিক মন্ত্রী তাকে নাকি এমন কথা জানিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের সাধারণ মানুষ এবং ক্ষমতাসীন দলের প্রভাবশালী অনেক সদস্যও বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারের পক্ষেই রয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও এই বিচারের পক্ষে ইতিবাচক অবস্থান নিয়েছেন বলে জানান হামিদ মীর।

Pakistan apologize-2

পাকিস্তানের জিও নিউজের নির্বাহী সম্পাদক হামিদ মীর বরাবরই একাত্তরে পাকিস্তানের ভূমিকাকে ভুল হিসেবে আখ্যায়িত করে আসছেন। এজন্য পাকিস্তানকে একাধিকবার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ারও আহ্‌বান জানিয়েছেন হামিদ মীর।

সম্প্রতি বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আবারও সরব হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। এই রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা কোনোভাবেই পাকিস্তান অবহেলা করতে পারে না। নিজামীর মতো নেতারা ১৯৭১ সালে কেবল পাকিস্তানের অখণ্ডতার জন্যই কাজ করেছেন। এর আগেও তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলেন।

নিসার আলীর মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হামিদ মীর বলেন, এটা সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর (নিসার আলী) ব্যক্তিগত মন্তব্য, সরকারের কিংবা আনুষ্ঠানিক কোনো মতামত নয়।

হামিদ মীর ওই সাক্ষাৎকারে আরও দাবি করেন যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং তথ্যমন্ত্রী পারভেজ রশিদ মানবতাবিরোধী বিচারের পক্ষেই রয়েছেন। প্রধানমন্ত্রী নওয়াজও বিচারের পক্ষে- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের ওই সাংবাদিক।

উল্লেখ্য, হামিদ মীর এর আগেও বাংলাদেশে এসে বাংলাদেশে একাত্তরে পাকিস্তানী বাহিনী যা করেছে তার কঠোর সমালোচনা করেন এবং বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali