The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা সম্পর্কে চীন: কোনো দেশ ‘বিশ্বের বিচারক’ হতে পারে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভেনেজুয়েলায় আকস্মিক মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালো চীন।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা সম্পর্কে চীন: কোনো দেশ ‘বিশ্বের বিচারক’ হতে পারে না 1

বেইজিংয়ের পক্ষ হতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের বিচারক’ কিংবা ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে- এমনটি তারা কখনই মেনে নেবে না।

আজ সোমবার (৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র এই হুঁশিয়ারি বার্তা প্রকাশ করা হয়। গতকাল (রবিবার) বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত। সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি একটি কঠোর বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বোমা এবং বিমান হামলার পর ৬৩ বছর বয়সী মাদুরোর চোখ বাঁধা ও হাতকড়া পরা ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী হিসেবেও বর্ণনা করেছেন।

বর্তমানে নিকোলাস মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন ও মাদক পাচারের অভিযোগে তাকে আজই আদালতে তোলার কথাও রয়েছে।

চীনের সরকারি কর্মকর্তাদের মতে, মাদুরোর এই গ্রেফতার বেইজিংয়ের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা ভেনেজুয়েলার অত্যন্ত ‘নির্ভরযোগ্য বন্ধু’ হিসেবে দীর্ঘকাল ধরেই পাশে ছিল। এমনকি মাদুরোকে আটকের মাত্র কয়েক ঘণ্টা আগেও চীনের বিশেষ প্রতিনিধি কিউ জিয়াওকির সঙ্গে তার একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের সময় চীন দেশটির জন্য একটি বড় অবলম্বন হিসেবেও কাজ করে আসছিল। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর হতে বেইজিংই মূলত দেশটির অর্থনীতিকে সচল রেখেছে।

এক তথ্যমতে, ২০২৪ সালে চীন ভেনেজুয়েলা থেকে প্রায় ১.৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইরানের মধ্যে ঐতিহাসিক পুনর্মিলনের মধ্যস্থতা করার পর বেইজিং বিশ্ব রাজনীতিতে নিজেদের একটি ‘হেভিওয়েট’ কূটনৈতিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করতে চাইছে। এমন পরিস্থিতিতে ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই একতরফা সামরিক হস্তক্ষেপকে চীন তাদের ভূ-রাজনৈতিক প্রভাবের ওপর সরাসরি আঘাত হিসেবেই বিবেচনা করছে। সূত্র: রয়টার্স।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali